শনিবার, ৭ জানুয়ারি, ২০১২

জাতিসংঘ


জাতিসংঘ
জুলফিকার শাহাদাৎ

কোনটা তোমার ধন দেীলত,কোনটা তোমার অঙ্গ
দাঁড়িপাল্লায় ন্যায্য হিসাব দিচ্ছে জাতিসংঘ।


কোথায় তুমি বসবে গিয়ে,কোথায় তুমি থামবে
কিংবা তুমি কোন বিমানে কোথায় গিয়ে নামবে,
কোথায় হবে বসত তোমার,কোথায় হবে রঙ্গ 
দাঁড়িপাল্লায় ন্যায্য হিসাব দিচ্ছে জাতিসংঘ।


কোন শহরে ফেলবে বোমা,কোন শহরে ফেলবে ফুল
কোন ফোরাতের রক্ত দেখে হাসবে গোটা মানবকুল,
এসব তোমায় শিখতে হবে,শিখবে সকল জঙ্গ
দাঁড়িপাল্লায় ন্যায্য হিসাব দিচ্ছে জাতিসংঘ।


কোথায় তুমি খাদ্য দেবে,কোথায় দেবে অস্ত্র
কোন দেশে ফের সৈন্য তুমি পাঠাবে সশস্ত্র
কখন তুমি মানবে নিয়ম,কখন করবে ভঙ্গ
দাঁড়িপাল্লায় ন্যায্য হিসাব দিচ্ছে জাতিসংঘ।

খেলা


খেলা

Bakiul Alam


বাবার প্রিয় দাবা খেলা
মায়ের প্রিয় লুডু
ভাইয়া ভীষন ভাল খেলে 
ক্যারাত এবং জুডু ।


পুতুল খেলায় রূপা মনির 
সবচে বেশী ঝোঁক
মেয়ের বিয়ে দিয়ে রূপার 
হায়রে কিযে শোক ।


কাকা ভীষন নাম করেছেন 
টেবিল টেনিস খেলে 
তপু শুধু ব্যস্ত থাকে 
ডাংগুলি মার্বেলে ।


ক্যারাম খেলে দাদা দাদু
কাটায় বিকেল বেলা
মজার মজার ছড়া লেখাই 
আমার প্রিয় খেলা ।

লজ্জা লাগে ছি!


লজ্জা লাগে ছি!
বশির আহমদ জুয়েল

সাতক্ষীরা আর রংপুরেতে
ঘটছে এসব কী
প্রধানমন্ত্রী একটু দেখেন
বলছে লোকে ছি!


আর ক’টা দিন থাকুন ভালোয়
দেশবাসীও চায়
দৃষ্টি রাখুন পরবে না তাই
কুড়াল নিজের পায়।


পরিশ্রমের মূল্য পেতে
কথা ছিলো কী
উল্টো কথা যায় না বলা
লজ্জা লাগে ছি!


ছাত্রলীগের নেতা ওরা
কি পেতে আজ চায়
মনে রাখুন শাস্থি দিবে
আমার বাংলা মায়।

পকেট গড়ের মাঠ


পকেট গড়ের মাঠ
ওবায়দুল সমীর

কী রে অমল, শরীর খারাপ
হয় না কি ঘুম রাতে? 
ডায়াবেটিস, প্রেসার কি হাই
ধরেছে কি বাতে!


এক বাটি দুধ রোজ খাবি তুই
করবি না ভুল মোটে,
নাদুস নুদুস শরীর পাবি
ফুটবে হাসি ঠোঁটে।
আপেল, আঙ্গুর, ফলার খাবি
করবি হাঁটাহাঁটি,
ফুরফুরে মন দেখবি জীবন 
কেমন পরিপাটি।


বললো অমল: "শরীর ভালোই 
বলছি শোন দাদা,
এই বাজারে বেতন যা পাই 
যায় না মাসের আধা।
অরুচি নেই খাদ্যে কোনো 
হচ্ছি তবু কাঠ, 
কারন হলো বারো মাসই
পকেট গড়ের মাঠ।"